দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পের কম্পন বিভিন্ন শহরে অনুভূত হয়। আতঙ্কে অনেক ভবন থেকে মানুষ রাস্তায় বেরিয়ে আসেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে চোকো বিভাগের সান হোসে দেল পালমারে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। রাজধানী বোগোতা থেকে উৎপত্তিস্থলটি প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে।
চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা কুরি জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী কুইবদোতে কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কিছু ভবনে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। সম্ভাব্য পরাঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
রাজধানী বোগোতায়ও ভূমিকম্পের কম্পন জোরালোভাবে অনুভূত হয়। বিভিন্ন ভবনে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠার পর অনেকে রাস্তায় বেরিয়ে আসেন।
তবে বোগোতার মেয়র কার্লোস গালান জানিয়েছেন, রাজধানীতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিছু ভবনে ফাটল দেখা গেলেও বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর নেই।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিভিন্ন এলাকায় রাস্তায় ধুলার মেঘ দেখা যায়। আতঙ্কিত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যেতে দেখা গেছে। কোথাও কোথাও ভবনের ভেঙে পড়া অংশ ফুটপাতে ছড়িয়ে পড়তেও দেখা যায়।
ভূমিকম্পের পর সম্ভাব্য পরাঘাত এবং ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে উদ্ধার ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো কাজ করছে।
সূত্র: সিএনএন
এমএস/